মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে পিটুনি ‘মাদক ব্যবসায়ীদের’

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৯:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা ও মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা বাবা-মাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার মধ্যরাতে উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ীরা হুমকি দিয়ে চলেছে। এতে করে নিরাপত্তাহীনতায় বসবাস করছে পরিবারটি। 

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, তিনি উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে। তার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী কবির হোসেন মাদক ব্যবসায়ী। কবির হোসেন এলাকাবাসীর কাছে মাদক সম্রাট বলেই পরিচিত। উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবীরা মাদক সেবন করতে কবির হোসেনের বাড়িতে আসে। জোসনা বেগম বেশ কয়েকবার তাকে তার বাড়ি সামনে মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এ সময় মাদক ব্যবসায়ী কবির হোসেন তাকে হুমকি ধামকি দেয়। কবির হোসেনের বাড়িতে অনেক বখাটেরা মাদক সেবন করতে এসে আশেপাশে ঘুরাফেরা করে। গত সোমবার সন্ধ্যায় জোসনা বেগমের মেয়ে প্রাইভেট পড়ে বাড়িতে আসার সময় বখাটেরা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করলে জোসনা বেগম বাঁধা প্রদান করেন। বাঁধা প্রদান করায় কবির হোসেন জোসনা বেগমকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এদিন মধ্যরাতে কবির হোসেনসহ অজ্ঞাত কয়েকজন মিলে জোসনা বেগমের হামলা চালিয়ে জোসনা বেগমের স্বামী মোতাহার হোসেনকেও পিটিয়ে আহত করে।

এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় জোসনা বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দেন। এ ব্যাপারে অভিযুক্ত কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্‌ নূসরাত জাহান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।          

×
সর্বশেষ সর্বাধিক পঠিত