নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সভা করেছে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি।
গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ প্রতিবাদ সভা হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রব, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, কাউন্সিলর জাহেদা আক্তার মনি প্রমুখ।
প্রসঙ্গত, সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে স্থাপিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামের উদ্বোধনী ফলকটি গত ১৭ নভেম্বর ভেঙে ফেলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে অভিযোগ এনে সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে গত কয়েক দিন ধরে স্থানীয় ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। গতকাল এর পাল্টা এ প্রতিবাদ সভা করেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
