দাবি মানার আশ্বাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মচারী সমিতি গতকাল মঙ্গলবার দুপুরে আন্দোলন স্থগিত করেছেন। এর আগে কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধন, ওভারটাইম কর্মঘণ্টা বৃদ্ধি এবং স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা দিয়ে নীতিমালা প্রণয়ন ও কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি দেওয়াসহ আট দফা দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূূূচি পালন করে কর্মচারী সমিতি।
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন অবস্থানস্থলে এসে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব উপস্থিত ছিলেন।
