রাজধানীর মোহাম্মদপুরে জহুরী মহল্লা সংলগ্ন বিহারি ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঘর পুড়ে গেছে। গতকার মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সিকদার দেশ রূপান্তরকে বলেন, মোহাম্মদপুরে বাবর রোড সংলগ্ন বিহারিপট্টির বস্তিতে ৪টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে উপস্থিত হয়। ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগজনিত কারণে বিহারি ক্যাম্পে আগুন লাগে। চারদিকে দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে। ক্যাম্পের বাসিন্দারা হুড়োহুড়ি করে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরাতে থাকেন। এর মধ্যেই অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুনে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও মোহাম্মদপুর থানা পুলিশ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
