চিকিৎসক নিগ্রহ

মন্ত্রণালয়ের কর্মকান্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএমএর

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:৩২ এএম

বাংলাদেশে সামান্য ঘটনায় চিকিৎসক নিগ্রহের পরিমাণ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকান্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার এক বিবৃতি পাঠিয়ে তারা এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, জাতীয় মানসিক হাসপাতালের একজন চিকিৎসক গ্রেপ্তারে আইনের অবশ্য প্রতিপালনীয় ব্যবস্থা গ্রহণ না করে আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়া আচরণ করেছে। চিকিৎসক নিগৃহীতের ঘটনা কিংবা মৃত্যুবরণ করার পরও রাষ্ট্রের নির্লিপ্ততা আমাদের ক্ষুব্ধ করেছে। মানসিক হাসপাতালের ডা. মামুনের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার বক্তব্যে আমরা বিস্মিত। এ অস্বাভাবিক গ্রেপ্তারকে কেন্দ্র করে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তিনি যে আরও বেপরোয়া হয়ে উঠছেন তা প্রতীয়মান হচ্ছে। করোনা মোকাবিলায় এখন পর্যন্ত ১০৬ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া সর্বোচ্চ কর্মকর্তা মন্ত্রণালয়ে যোগদানের পর থেকেই একের পর এক বিতর্কিত বিভ্রান্তিমূলক ও অজ্ঞতাপ্রসূত মন্তব্যের মাধ্যমে আমাদের পেশার মানমর্যাদাকে ক্রমাগত আঘাত করছেন। তিনি অভিভাবক না হয়ে প্রশাসনের রুদ্র মূর্তিতে শাসকের ভাষায় কথা বলেনযা ঔপনিবেশিক আমলাতন্ত্রের আচরণকেই স্মরণ করিয়ে দিচ্ছে। স্বাস্থ্যব্যবস্থার অসংখ্য দুর্বলতা চিকিৎসকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমলাতন্ত্র সরকার জনগণ ও চিকিৎসকদের মুখোমুখি করে দিয়ে নিজেরা অনবরত ফায়দা লোটার চেষ্টা করছে। চিকিৎসকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত