বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।
বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না ও কবি রুখসানা পারভীন লিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা পলাশ খন্দকার। বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান চৌধুরী, আবু সাঈদ সিদ্দিকী, আতিকুর রহমান মিঠু প্রমুখ।
উদ্বোধনী আলোচনার আগে বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে অতিথিরা বগুড়া জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
শনিবার সমাপনী দিনে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে। এ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথাসাহিত্যিক শিরীণ আখতার। এবার ৬জন লেখক চক্র পুরস্কার পাচ্ছেন। তারা হলেন- কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটলম্যাগ সম্পাদনায় এজাজ ইউসুফী ও সাংবাদিকতায় জে এম রউফ।
পুরস্কার প্রদান শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-সাহিত্যিকরা বগুড়ার ঐতিহাসিক স্থাপনা ভাসুবিহার পরিদর্শনে যাবেন।
