ম্যারাডোনার মরদেহের সঙ্গে সেলফি!

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:৫৬ পিএম

ফুটবলের মহাতারকা ডিয়েগো ম্যারাডোনার মরদেহের সঙ্গে সেলফি তুলে সমালোচনার জন্ম দিয়েছেন এক ‘অবিবেচক’ ফিউনারেল ওয়ার্কার। তাকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ক্লোদিও ফার্নান্দেজ নামের ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন। একটি রেডিও স্টেশনকে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, ফার্নান্দেজ তার ছেলেকে নিয়ে ম্যারাডোনার মরদেহের সঙ্গে কিছুটা হাসিমুখে ছবি তুলছেন। এসময় ম্যারাডোনার শরীরে তাদের হাতও দিতে দেখা যায়।

অন্য একটি ছবিতে তৃতীয় আরেক ব্যক্তিকে একই ভঙ্গিতে দেখা গেছে।

ছবিগুলো অনলাইনে আসতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা মামলা করারও হুমকি দিয়েছেন।

ফার্নান্দেজ রেডিও ১০’ কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে ছবি তোলা হয়ে গেছে। আমার ছেলে অন্য শিশুদের মতো আঙুল দেখিয়ে ছবি তুলেছে। আমি বুঝতে পারছি বিষয়টি অনেকেই ভালোভাবে নেননি।’

‘অনেকে ক্ষোভ প্রকাশ করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বলছে, আমাদের মাথা কেটে ফেলবে।’

ম্যারাডোনার শেষকৃত্যের দায়িত্বে যে প্রতিষ্ঠান তারা জানিয়েছে, ওই তিনজন বাইরের (আউটসোর্সড) কর্মী। কফিন বহনে তারা সাহায্য করেছিল।

কোম্পানিটির ম্যানেজার বলেছেন, এই ছবি দেখার পর কোম্পানির সবাই হতাশায় ভেঙে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত