দুবাইভিত্তিক ব্যবসায়ীর সঙ্গে বেনজির-কন্যার আংটিবদল

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৭:০২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারির সঙ্গে দুবাইভিত্তিক ব্যবসায়ী পরিবারের ছেলে মাহমুদ চৌধুরীর বাগদান সম্পন্ন হয়েছে।

করোনারভাইরাসের কারণে রাজধানীর ইসলামাবাদের বাড়িতে শুক্রবার সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে তাদের আংটিবদল হয়। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানের অতিথির সংখ্যা হবে ১৫০–এর মতো।

ডন জানায়, গতকাল রাতের বখতাওয়ারের বাগদানের অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা, ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী, আইনজীবী, কিছু পার্লামেন্ট সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় পিপিপি প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো অনলাইনে আংটিবদলের অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

পাকিস্তান পিপলস পার্টির এক নেতা বলেন, অনুষ্ঠানের অতিথি ছিলেন ১২০ জনের মতো। সাবেক প্রেসিডেন্ট আফিস আলী জারদারিও অনুষ্ঠানে ছিলেন। কভিড-১৯–এর কারণে সাধারণ অনুষ্ঠান হয়েছে। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনেই অতিথিরা অনুষ্ঠান উপভোগ করেছেন।

পিপিপি সিনেটর শেরি রহমান, জারদারির চাচাতো ভাই ফারুক এইচ নায়েক, ওমনি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার মাজেদও বখতাওয়ারের বাগদান অনুষ্ঠানে ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বিলাওয়াল ছোট বোনের বাগদানে অনুষ্ঠানে আসা অতিথিদের ধন্যবাদ জানান। অতিথিরাও বিলাওয়ালের দ্রুত সুস্থতার কামনা করেন।

বখতাওয়ার টুইটে বলেন, আমার জীবনে খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল একটি দিন। প্রত্যেকের ভালোবাসা এবং দোয়ার জন্য কৃতজ্ঞতা। আমাদের পিপিপি পরিবারের অনেকেই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী ছিলেন। করোনার কারণে হয়নি। ইনশা আল্লাহ এ অনুষ্ঠান কেবল শুরু মাত্র। করোনা–পরবর্তী বিশ্বে আমরা এ আনন্দ উদ্‌যাপন করতে পারব। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।

বেনজির ভুট্টো ২০০৭ সালে আততায়ীদের হাতে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত