ডিসেম্বরের শুরুতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন কমিটি থেকে বঞ্চিত যুবদলের সাবেক একাধিক নেতা-কর্মী। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভেতরে টেনিস গ্রাউন্ডে এক বৈঠকে তারা এ হুঁশিয়ারি দেন।
বিক্ষুব্ধদের এমন হুমকির বিষয়ে জানতে চাইলে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক বাস্তবতা ও করোনা ভাইরাসের কারণে আমরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারছি না। তবে কমিটি গঠনের কাজ চলছে। শিগগিরই তা ঘোষণা করা হবে। তবে বিক্ষুব্ধ নেতা–কর্মীদের বৈঠক সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।
যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, কমিটি গঠনের কাজ চলছে। আগামী মাসের শুরুতে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে।
এদিকে বঞ্চিত নেতা–কর্মীরা এই প্রতিবেদককে বলেন, ২০১৭ সালের ১৭ জানুয়ারি কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও নির্ধারিত সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। পরে ১১৪ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নাই। দেশের এই পরিস্থিতিতে যুবদলের মতো একটি দলে মাত্র ১১৪ জনের আংশিক কমিটি দিয়ে চলতে পারে না।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। তাদেরকে বাদ দিয়ে যারা আন্দোলনের সক্রিয় না, তাদের পদায়ন করা হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হয়েছে। অথচ যারা বেশি মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগে ত্যাগী নেতা–কর্মীদের কমিটিতে রাখা হোক। অন্যথায় বঞ্চিত নেতা–কর্মীরা আন্দোলন করতে বাধ্য হবে, যার দায়ভার বর্তমান কমিটির ওপর পড়বে।
বঞ্চিত যুবদলের বৈঠকে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম হিটু, তাজ উদ্দিন মাহমুদ সাগর, সৈয়দ আবেদিন প্রিন্স, গিয়াস উদ্দিন মামুন, সেলিম রেজা, এম এ মিঠু, রাসেল মিয়া, মঈন উদ্দিন মজুমদার, সাইফ আলি খান, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান বাচ্চু, নুরুল ইসলাম, আহসানুল্লাহ তুষার, আলাউদ্দিন খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম শাহজাহান, মো. মুক্তার হোসেন সিকদার, জাহাঙ্গীর আলম খান, জামাল হোসেন মোল্লা, আল আমিন খান, রাসেল দেওয়ান, মাসুদ সরকার, এস এম কামরুল ইসলাম প্রমুখ।
