নিউজিল্যান্ড সফরে বেশ বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। মাত্র ৪দিন আগে নিউজিল্যান্ডে পৌঁছে দলটি। পৌঁছার পর ৬ ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। শনিবার সকালে আরো এক পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভ বলে খবর প্রকাশ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দলকে হোটেলে থাকার নির্দেশে দেওয়া হয়েছিল আগেই। ফের এক ক্রিকেটারের করোনা ধরা পড়ায় সেই নির্দেশে আরো কড়াকড়ি করা হয়েছে। কোনো রকম অনুশীলনও করতে পারবেন না তারা। এমনকি চলতি পরিস্থিতিতে সুতোয় ঝুলছে বাবর আজমদের নিউজিল্যান্ড সফরের ভবিষ্যৎ।
নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ক্রিকেটারদের চার বার করোনা পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু কিউইদের দেশে পৌঁছানোর পর পরীক্ষা করলে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট আসতে শুরু করে।
এমনকি দুই পাকিস্তানি ক্রিকেটারের আগে থেকেই করোনা সংক্রমণ ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এদিকে নিউজিল্যান্ড বোর্ডের পক্ষে জানানো হয়েছিল অন্তত ৩-৪ বার পাকিস্তান ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙতে দেখা গেছে। শুক্রবারই নিউজিল্যান্ড বোর্ডের পক্ষে সতর্ক বার্তা দিয়ে বলা হয়, আর এক বার নিয়ম ভাঙলেই দেশে ফেরত পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের।
এই অবস্থায় ফের এক ক্রিকেটারের করোনা পজিটিভ রিপোর্ট চাপ বাড়াচ্ছে পাকিস্তান বোর্ডের ওপর। সোমবার ফের পুরো পাকিস্তান দলের করোনা পরীক্ষা করা হবে বলে খবর।
