কিশোরগঞ্জে যাত্রীবাহী সিএনজিতে আগুন লেগে মা-মেয়ে আহত

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০২:৩০ পিএম

কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে যাত্রী মা ও মেয়ে আহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

আহতদের নাম লতিফা (৪৫) ও লিমা (২০)। তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করে সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন লেগে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় চালক যাত্রী ও অটোরিকশা ফেলে চলে যায়। সিএনজিতে থাকা পরিবারের চার সদস্যের মধ্যে লতিফা ও তার মেয়ে লিমার পা পুড়ে যায়। অন্য দুজনের বোরকা পুড়ে গিয়ে পা ও হাঁটুতে আগুনের আঁচ লাগে।

এ ছাড়া তাদের সঙ্গে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে বলে লিমা জানিয়েছেন।

দ্রুত তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লতিফার মা ও ছোট মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং বড় মেয়ে লিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত