কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে মো. সোহেল রানা (২৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হাজিপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়ার আবদুর রকিমের ছেলে। তিনি চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহত সোহেলের বাবা আবদুর রকিম জানান, চকরিয়ার ভরামুহুরী হাজিপাড়ায় তাদের কেনা একটি জায়গা রয়েছে।
সেই জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালায় ভূমিদস্যু-সন্ত্রাসীরা। এই খবর পেয়ে তার ছেলেসহ আরও কয়েকজন সেখানে ছুটে যায়। সেখান থেকে ফেরার পথে একা পেয়ে হাজি পাড়ার নুরুল আলম ও তার সাঙ্গপাঙ্গরা সোহেলকে পেছন থেকে হাতুড়ি, গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এতে ঘটনাস্থলেই পড়ে থাকে সোহেলের নিথর দেহ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ৪ নভেম্বর সোহেলের সঙ্গে বিয়ে হয় পেকুয়ার কৃষকলীগ নেতা মেহের আলীর মেয়ে কলির। সন্ত্রাসী হামলায় বিয়ের ২৪ দিনের মাথায় স্বামী সোহেলকে হারালেন কলি।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি চকরিয়া পৌরসভার হাজিপাড়ার কবির আহমদের ছেলে আবদুল মান্নান (৩৪)।
এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
