দুদকের প্রতি মানুষের আস্থা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: ইকবাল মাহমুদ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:৪০ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের প্রতি ৮৬ শতাংশ মানুষের আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ‘দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। 

সাংবাদিকেরা রবিবার এ বিষয়ে দুদক চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দুদক এ জাতীয় প্রতিবেদন সব সময়ই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে থাকে। এখন পর্যন্ত প্রতিবেদনটি অমরা পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করিনি। আপনাদের কাছ থেকেই আমরা জেনেছি, দেশের ৮৬ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। আমি মনে করি, জনগণের প্রতি দুদকের দায়িত্ব আরও বাড়ল। তাদের এই আস্থাকে টেকসই করতে হবে। দুদককে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত এবং প্রসিকিউশন নিখুঁতভাবে করার কোনো বিকল্প নেই। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতিপরায়ণদের কাছে-এই বার্তা পৌঁছাতে হবে যে, দুর্নীতি করলে আইনের মুখোমুখি হতেই হবে। কঠোর শাস্তি পেতে হবে। দেশে এমনকি বিদেশে পালিয়েও শান্তিতে থাকা যাবে না। দুদক কারও পিছু ছাড়বে না। এ ক্ষেত্রে কারও ব্যক্তিগত পরিচয়, সামাজিক, পেশাগত, ধর্মীয় অন্য কোনো পরিচয়ে কাজ হবে না।

অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তিতে ঘুষ-দুর্নীতির প্রকোপ রয়েছে এ কথা আমরা কখনো অস্বীকার করি না। তবে ঘুষ-দুর্নীতি বন্ধে আমরা বহুমাত্রিক ব্যবস্থা নিয়েছি। বিগত পাঁচ বছরে ফাঁদ পেতে অসংখ্য ঘুষখোরকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এদের কারও কারও বিচারিক আদালতে সাজাও হচ্ছে। গণশুনানির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের কণ্ঠকে উচ্চকিত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত