মাদক সম্পৃক্ততা, কপিল শর্মার শো থেকে বাদ পড়তে যাচ্ছেন ভারতী

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১১:১৯ পিএম

মাদক সম্পৃক্ততার কারণে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বহিষ্কার করা হতে পারে ভারতীকে। এই শোয়ের চ্যানেল কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

শোয়ের সঞ্চালক কপিল শর্মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেও চ্যানেল কর্তৃপক্ষ তা পরিবর্তন করতে রাজি নন। এই শোয়েরই অন্যতম শিল্পী কিকু সারদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা গতকাল শুটিং করেছি। ভারতীই শ্যুটে ছিল না। যদিও সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ ও সব এপিসোডের জন্য আমাদের সঙ্গে শ্যুট করে না।" কিকু জানান, তিনি ভারতীকে শো থেকে বহিষ্কার করার বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছু শোনেননি।

২২ নভেম্বর ভারতী এবং তার স্বামী হর্ষের মুম্বাইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেখান থেকে ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রথমে ভারতী এবং তার পর হর্ষকে গ্রেফতার করা হয়। প্রায় দেড় দিন জেল হেফাজতে থাকার পর মাথাপিছু ১৫০০০ টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করা হয়। এর পরে ভারতী ফের কাজ শুরু করেন। শোয়ের জন্য কৃষ্ণা অভিষেকের সঙ্গে শ্যুটিং করতেও দেখা যায় তাকে।  তা হলে কি ভারতীর শো থেকে বাদ পড়ার সিদ্ধান্ত আদৌ সত্যি, নাকি সবটাই রটনা? সময় উত্তর দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত