গাজীপুরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে মহানগর আওয়ামী যুবলীগ।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের এই বিক্ষোভ-সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
‘হটাও জঙ্গিবাদ-মৌলবাদ- বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এ স্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ ও মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোন জঙ্গিবাদ ও সন্ত্রাস থাকতে পারবে না। সম্প্রতি জঙ্গি ও মৌলবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি চক্র গুজব ছড়িয়ে উসকানি দিয়ে সাধারণ মানুষকে বিপদমুখী করছে। ওই সব গুজবকারীদের কোনও ভাবেই ছাড়া দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, গাজীপুরের মাটিতে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মৌলবাদীদের স্থান নেই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আলমগীর, সদস্য ইকবাল মাস্টার, আব্দুল হালিম মণ্ডল, নাহিদ মোড়ল, জুয়েল মণ্ডল, মনির হোসেন সাগর, মনিরুজ্জামান মনির প্রমুখ।
