ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১২:৪০ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও অ্যাশ কালারের সোয়েটার।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি।

এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত