কুষ্টিয়ায় নিখোঁজ কন্যাশিশুর মরদেহ মিলল পুকুরে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০১:৩৯ পিএম

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় নিখোঁজের এক দিন পর মিম খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার জনৈক মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিম উপজেলার ৬নং জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মদন আলীর মেয়ে।

ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম। তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আশপাশের এলাকায় মাইকিং করেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশী জনৈক মুসার পুকুরে মিমের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধারকালে সুরতহাল প্রস্তুতকারী ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, মঙ্গলবার সকালে পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থনীয়রা সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। নিখোঁজ শিশু কন্যার মৃত্যুর ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত