মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন দলীয় নেতাকর্মীরা। গত সোমবার রাত ৮টার দিকে ডাসার থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালিত হয়।
জানা যায়, গত ১৮ নভেম্বর সৈয়দ শাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও কাজী মাহমুদুল হাসান দোদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ডাসার থানা আওয়ামী লীগের ৫৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করে জামায়াত-বিএনপি পরিবারের সদস্যদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন নেতাকর্মীরা।
সমাবেশে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হেমায়ত উদ্দিন হিমু কাজী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বাদল কাজী, ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
