বর্ষার আগেই খাল উদ্ধার হবে : তাপস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৩ এএম

আগামী বর্ষা মৌসুমের আগেই অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

গতকাল মঙ্গলবার দুপুরে শ্যামপুরের বড়ইতলী এলাকায় শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মেয়র বলেন, ‘আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিচ্ছি। স্বল্পমেয়াদের কার্যক্রমগুলো আমরা নিজ অর্থায়নেই আরম্ভ করে দিচ্ছি। মূলত প্রথম কাজটি হলো, যে দখলগুলো আছে সেগুলো দখলমুক্ত করা। বর্ষা মৌসুমের আগেই দক্ষিণ সিটির খাল দখলমুক্ত করা হবে।’

বক্স কালভার্ট নিয়ে মেয়র তাপস বলেন, ‘বক্স কালভার্টগুলো বিশেষ করে পান্থপথ ও ধোলাইখালের বক্স কালভার্টগুলো দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিষ্কার করা হয়নি। আমরা অচিরেই সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আরম্ভ করব এবং পরবর্তী সময়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কী করা যায়, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সেই কার্যক্রম হাতে নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত