রমনা পার্ক উন্নয়নের ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৭ এএম

রাজধানীর রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ অসন্তোষের তথ্য জানা গেছে। বৈঠকে পার্ক এলাকায় মসজিদ ছাড়া নকশা বহির্ভূত সব স্থাপনা, জরাজীর্ণ ভবন ও রেস্তোরাঁ ভেঙে কফিশপ নির্মাণের সুপারিশ করে কমিটি। এছাড়া কমিটি নকশা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে দ্রুত বাস্তবায়ন ও শিশু পার্কের আধুনিকায়ন কাজ শেষ করার তাগিদ দিয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে অর্থ বরাদ্দসহ নকশা প্রণয়নের কাজ চূড়ান্ত হলেও শুধু ওয়াকওয়ে নির্মাণের কাজ হয়েছে। পার্ক এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার থাকায় সেখানকার পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। পৃথিবীর কোথাও বড় পার্কগুলোতে রেস্টুরেন্ট থাকার নজির নেই।’

বৈঠকে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে উন্মুক্ত কফিশপ নির্মাণের ব্যবস্থা নিতে বলা হয়। ওই বৈঠকে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদও কাজটি দ্রুত শেষ করার ওপর তাগিদ দেন। নথি থেকে জানা গেছে, প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। চলতি বছরের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হওয়ার কথা। জুন মাস পর্যন্ত এ কাজে অগ্রগতি হয়েছে ১৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত