ডিএমপির বিজ্ঞপ্তি

পুলিশের অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে ব্যবস্থা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৩:১৩ এএম

পুলিশের অনুমতি ছাড়া মিছিল, সভা-সমাবেশসহ কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

গতকাল  বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির জনসংযোগ শাখা। মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে। এসব কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে। বিদ্যমান আইনে বৈধ কোনো দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতা থাকলেও সংবিধান অনুযায়ী জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি অধ্যাদেশ অনুসারে ডিএমপি কমিশনারের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে। এর ব্যতিক্রম হলে মিছিল বা সমাবেশকারীদের শৃঙ্খলা বজায় রাখা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না।

আবার কোনো কোনো দল বা গোষ্ঠী বেআইনি সমাবেশের আয়োজন করে জানমালের ক্ষতি সাধনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ পায়।  কাজেই নাগরিকদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বানুমতি ছাড়া কোনো মিছিল, সভা-সমাবেশসহ কর্মসূচি গ্রহণ এবং শব্দযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত