স্ত্রীকে খুন করে দুই সন্তান নিয়ে গাঢাকা দেন স্বামী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:২৪ এএম

রাজধানীর রায়েরবাজারে পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার ময়না (২৮) নামের এক গৃহবধূকে খুন করেছেন তার স্বামী। বুধবার বিকেলে স্ত্রীকে খুন করে দুই সন্তান নিয়ে ইউসুফ রানা পালিয়ে যান। তবে পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করেছে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান জানান, পূর্ব রায়েরবাজার হাইস্কুলের পেছনে আনোয়ার খানের একতলা বাড়িতে ভাড়া থাকতেন রোকসানা ও তার ফুচকা বিক্রেতা স্বামী।

দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার জের ধরেই বুধবার বিকেল ৪টার দিকে বাসার ভেতরেই লোহার হাম্বলদিস্তা দিয়ে রোকসানার মাথায় আঘাত করেন স্বামী ইউসুফ।

এতে ঘটনাস্থলই তার মৃত্যু হলে মৃতদেহ বাসার ভেতরে রেখে দরজায় তালা দিয়ে ইউসুফ তার দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে বুধবার দিবাগত রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আর অভিযান চালিয়ে আজ ভোরেই ইউসুফকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ জানান, রোকসানার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বারইনগর গ্রামে। স্বামী ইউসুফ ও দুই ছেলেমেয়ে নিয়ে রায়েরবাজারের ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।

এই ঘটনায় নিহত রোকসানার ভাই ফরহাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে এসআই জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত