ইয়াহু সার্চে শীর্ষে সুশান্ত, তিন নম্বরে রিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৪০ এএম

সারা বিশ্বের মতো ২০২০ সালে বেশির ভাগ ভারতীয় সময় কেটেছে ঘরবন্দি হয়ে। আর বছরের মাঝামাঝিতে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে ছড়িয়ে সত্য-মিথ্যা অনেক খবর।

প্রত্যাশিতভাবেই চলতি বছরে ইয়াহু ইন্ডিয়ার সার্চ তালিকায় শীর্ষে রইলেন মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা। এর পরের স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে সুশান্তর মৃত্যু মামলার আসামি ও অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এই তালিকায় থাকলেন তিন নম্বরে।

মঙ্গলবার ২০২০ সালে সার্চ লিস্ট প্রকাশ করল ইয়াহু ইন্ডিয়া।

সুশান্ত-রিয়া ছাড়াও গ্ল্যামার দুনিয়া থেকে তালিকার সেরা দশে জায়গা পেয়েছেন অমিতাভ বচ্চন (৯) ও কঙ্গনা রনৌত (১০)। দীপিকা পাড়ুকোন (১২), সানি লিওনি (১৪), প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (১৫) ও ক্যাটরিনা কাইফ (১৬) আছেন সেরা বিশে।

সবচেয়ে বেশি সার্চ করা পুরুষ সেলিব্রেটির তালিকায় প্রথম সুশান্ত, দ্বিতীয় অমিতাভ এবং তারপরে রয়েছেন অক্ষয় কুমার, সালমান খান, ইরফান খান, ঋষি কাপুর ও এসপি বালাসুব্রহ্মণ্যম। এর মধ্যে শেষ তিনজন প্রয়াত হয়েছেন। এ সপরিবারে করোনা আক্রান্ত হয়ে টানা খবরে ছিলেন বিগ বি।

নারী সেলিব্রেটিদের তালিকায় রিয়ার পরে আছেন কঙ্গনা ও দীপিকা পাড়ুকোন।

সুশান্তর মৃত্যু মামলা ও তার সঙ্গে জড়িত অপর দুই মামলার তদন্তে রয়েছে তিন কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি এবং এনসিবি। গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। এই মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে সেপ্টেম্বরে গ্রেপ্তার হন রিয়া। প্রায় একমাস জেলে কাটাতে হয়েছে অভিনেত্রীকে।

অন্যদিকে সুশান্তর মৃত্যু মামলায় বলিউডের ওপর তোপ দেগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কঙ্গনা। জড়িছেন নানান বিতর্কেও, আইনি নোটিশ পেয়েছেন কয়েকটি। পাশাপাশি মাদককাণ্ডে জড়িয়ে টানা সংবাদ শিরোনামে থাকেন দীপিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত