পোশাকশ্রমিককে অ্যাসিডে ঝলসে দিলেন সাবেক স্বামী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০১:৩০ পিএম

আশুলিয়ায় দোলনা আক্তার রিমা (১৮) নামের এক পোশাক শ্রমিককে অ্যাসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।

বুধবার রাত ১০টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে আশুলিয়ার জামগড়া এলাকায় তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত রঞ্জু মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

দোলনা আক্তার রিমা জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। ডিভোর্সের পরে তিনি আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস অ্যান্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি নেন।

অভিযুক্ত রঞ্জু একই এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দোলনা আক্তার রিমা ও রঞ্জু গত দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন। পরে গত ৩ মাস আগে তাদের ডিভোর্স হলে রিমা আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস অ্যান্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি নেন।

বুধবার রাত ১০টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে জামগড়া এলাকার পৌঁছালে সড়কের পাশে আগে থেকে ওৎপেতে থাকা রঞ্জু তাকে অ্যাসিড নিক্ষেপ করেন।

এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এতে রিমার চোখ, মুখ ও বুক অ্যাসিডে ঝলসে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, অভিযুক্ত রঞ্জুকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত