অনুমতি ছাড়া রাজধানীতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দেওয়া নির্দেশনার পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সম্প্রতি ঢাকায় মহাখালীর সাততলা বস্তি, মোহাম্মদপুরে জহুরি মহল্লায় বস্তি ও মিরপুরের কালশীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি এ আহ্বান জানান।
এ সময় ডা. জাফরুল্লাহ বলেন, “দেশের এই কান্তিকালে, এই দুর্যোগের মুহূর্তে ডিএমপির একটি নোটিশ মর্মাহত করেছে। মানুষ চলাফেরা করতে পারবে না, সভা সমাবেশ করার জন্য অবশ্যই পুলিশকে অবহিত করা হবে। কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা কথা। কাউকে সংবর্ধনা দিতে দেবেন না, বক্তব্য রাখতে দেবেন না, সমালোচনা করতে দেবেন না, এটা ভালো কাজ না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য।”
আরও বলেন, “সভা সমাবেশের জন্য আপনাদেরকে জানানো হবে যাতে আপনারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেন। যতগুলো বিশৃঙ্খলা হয়েছে তার জন্য সরকারই দায়ী। আজকে ভাস্কর্য- মূর্তির ঝামেলা তৈরি করতে সরকার এক দিকে মদদ দিয়েছে, অন্যদিকে যখন দেখছে সামাল দেওয়া যাচ্ছে না তখন এই অবস্থা।”
সরকারের কাছে আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। মিছিল মিটিংয়ে হস্তক্ষেপ করবেন না। তবে যারা করছেন তাদের প্রতি আবেদন কোনোভাবেই যেন গাড়ি-চলাফেরা বিঘ্ন না হয়।”
ত্রাণ প্রসঙ্গে বলেন, “আমাদের ক্ষুদ্র চেষ্টা। ক্ষতিগ্রস্তদের সামান্য সাহায্য। এদের সামান্য সাহায্য, সরকারের কাছেও আবেদন করছি, এই সব জায়গা সাহায্য করেন। আগুন দিয়েছে কারা? আপনারা তা প্রকাশ করেননি।”
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর কাদির আহমেদ বলেন, সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত এবং অসহায় মানুষদের শীতকালে আরও ত্রাণ সাহায্য দেওয়ার আশা রাখি। ইতিমধ্যে করোনাকালীন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র ২০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আয়োজনটির সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের এইচ আর পরিচালক আকলিমা খাতুন ও কর্মকর্তা শাহানাজ।
এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ঐক্যবদ্ধ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুর কাছে এক হাজার কম্বল ও এক হাজার পরিবারের খাদ্য সামগ্রী হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। হস্তান্তর শেষে এ সব ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য নেওয়া হয়।
