শেরপুর পৌর নির্বাচন

কেন্দ্রীয় নির্দেশনা ‘উপেক্ষা’ করায় ভোট বর্জন আ.লীগ নেতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৬ এএম

শেরপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে তৃণমূলের ভোটের আয়োজন করায় তা বর্জন করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বটতলা এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে আধার বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ২৮ নভেম্বর প্রেরিত এক পত্রে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতান্ত্রিক নিয়মনীতি এবং তৃণমূলের ভিত্তিতে পৌরসভার মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা একটি সময়সাপেক্ষ ব্যাপার। তাই দলীয় গঠনতন্ত্রের ২৮ (৫) ধারা অনুযায়ী জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের পরামর্শ গ্রহণপূর্বক কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশনা গোপন ও উপেক্ষা করে ৩ ডিসেম্বর (গতকাল) ভোটের আয়োজন করে তৃণমূল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত