চাকরি হারিয়ে মানবেতর জীবনে প্রতিবন্ধী ব্যক্তিরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০১:৫৫ এএম

করোনায় চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীরা। গতকাল বৃহস্পতিবার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।।  

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি। এ সময় শারীরিক প্রতিবন্ধী আশরাফুল আলম বলেন, ‘আমি চাকরি করতাম। করোনায় সেটি হারাই। আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তিনিও সেটি হারান। এখন পরিবারের সদস্যদের নিয়ে খুবই কষ্টে আছি। আমি আবারও কাজ করতে চাই।’     

বাকপ্রতিবন্ধী তানিয়া আক্তার বলেন, ‘আমি ডিআরআরএ স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছি। সেলাইয়ের কাজ শিখেছি। আগে সেলাইয়ের কাজ করতাম, এখন কাজ নেই। পরিবার নিয়ে খুব অসুবিধায় রয়েছি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে যে টেকসই উন্নয়নের কথা বলা হচ্ছে তা কতটা সম্ভব, ভেবে দেখা দরকার। টেকসই উন্নয়নের জন্য সুরক্ষিত জীবনযাপনের মূলধারায় এই বিশেষ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য প্রতিবন্ধীদের বিশেষ সহায়তার ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। লিখিত বক্তব্যে আরও বলা হয়, করোনা মহাসংকট কাটিয়ে উঠতে নানা পরিকল্পনা গৃহীত হয়েছে অথচ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে তেমন কোনো প্রণোদনা বা পরিকল্পনা এখনো গ্রহণ করেনি সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ৬ দশমিক ৯৮ ভাগ প্রতিবন্ধী। সেই হিসাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৬৬৮ জন। এর মধ্যে আনুমানিক ১৬ লাখ নিবন্ধিত হয়ে সরকারের ভাতা পাচ্ছেন। একটি বড় অংশই নিবন্ধিত সেবাপ্রাপ্তির বাইরে।

ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অর্ধশত শারীরিক প্রতিবন্ধী শিশু ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত