বৈঠকে সরকারি খাবার ফিরিয়ে দিলেন কৃষক নেতারা (ভিডিও)

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:২৯ এএম

গত এক সপ্তাহ ধরে রাজধানী দিল্লি প্রায় অবরুদ্ধ করে রেখেছে ভারতের কৃষকেরা। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি তাদের। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন, দাবি আদায়ের আগে নড়ছেন না তারা।

মোদি সরকারের সঙ্গে কৃষক নেতাদের সাত ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকে কোনো সমাধান আসেনি।

বৈঠকে এসে সরকারি মধ্যাহ্নভোজের আমন্ত্রণ গ্রহণ করেননি কৃষক নেতারা। সঙ্গে করেই খাবার নিয়ে এসেছিলেন তারা। তা দিয়েই তারা মধ্যাহ্নভোজ সারেন।

নিউজ এইটিন জানায়, বিজ্ঞান ভবনে মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছিল সরকারের পক্ষ থেকে৷ তবে অ্যাম্বুলেন্সে করে নিজেদের খাবার এবং পানি নিয়ে আসেন আসেন তারা।

কিন্তু দাবি আদায়ে কতটা অবিচল, বুঝিয়ে দিতেই সরকারি আয়োজনে মধ্যাহ্নভোজের প্রস্তাব ফিরিয়ে দেন কৃষক নেতারা।

তিরিশটিরও বেশি কৃষক সংগঠনের নেতারা এদিন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন।

দুপুরের খাবার প্রত্যাখ্যান করার পর ফের বিকেলে চা খাওয়ার প্রস্তাবও খারিজ করে দেন কৃষকেরা। যে অ্যাম্বুলেন্সে করে দুপুরে কৃষকদের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল, বিকেলে সেটিতে করেই বৈঠকে যোগ দেওয়া কৃষকদের জন্য চা নিয়ে আসা হয়।

গত মঙ্গলবারের বৈঠক চলাকালীনও একইভাবে কৃষিমন্ত্রী চা খাওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন কৃষক নেতারা। উল্টে তাদের প্রতিবাদ স্থলে তৈরি অস্থায়ী লঙ্গরে গিয়ে কৃষিমন্ত্রীকে জিলাপি খেয়ে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।।

কৃষক নেতা প্রেম সিং সেদিন বলেন, ‘কৃষিমন্ত্রী আমাদের যে চা খেতে বলছেন, তার দুধও আমাদেরই খামার থেকে আসে। আমরা ওনাকে জিলাপি, লাড্ডু, চা সব দিতে পারি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, আমরা বিক্ষোভ শেষ করব না।’

এদিকে আইনের তিন বিতর্কিত আইন প্রত্যাহারে রাজি না-হলেও আইনে কিছু সংশোধন করা হতে পারে বলে বৈঠকে ইঙ্গিত দিয়েছে সরকার। কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দেন, শুধু সংশোধন নয়। তিনটি ধারাই প্রত্যাহার করতে হবে।

তবে চূড়ান্ত সমাধান মিলবে বলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার আশা প্রকাশ করেছেন। উল্টো দিকে কৃষক নেতাদের দাবি, শনিবারই তিন ধারা প্রত্যাহার নিয়ে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত