মেহেন্দিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:১৩ এএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৪ রাউন্ড গুলি ছুড়েছে। ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার পর উপজেলার দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকেরা। রাত ১০টা পর্যন্ত এক ঘণ্টার বেশি সময় ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।

অপরদিকে বিষয়টি নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। তাদের উল্লাসে স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকেরা ক্ষুব্ধ হন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রাত ৯টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

বিবাদমান দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিপক্ষীয় এই সংঘর্ষে দুই প্রার্থীর কমপক্ষে ২৫-২৭ জন সমর্থক আহত হন।

পাশাপাশি ইটের আঘাতে ৬/৭ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে তিনজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ভবিষ্যতে আর যেন কোনো সংঘর্ষ না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত