সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনার চিকিৎসা চলাকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। এ কারণে তিনি সংজ্ঞাহীন ছিলেন।
তার সহকর্মীরা জানান, গত ২০ নভেম্বর সুকান্ত সেন শ্বাসকষ্ট অনুভব করলে ২১ নভেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরে তার করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
২৩ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এ দিন সন্ধ্যায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। ২৯ নভেম্বর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। পরে ১ ডিসেম্বর দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সাংবাদিক সুকান্ত সেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ছিলেন।
তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন।
এ ছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসাধারণ সম্পাদক, রোটারি ক্লাবের সদস্য, উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের নির্বাহী সদস্য এবং নাট্য নিকেতনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
এ দিন ভোরে তার এ মৃত্যুর খবর সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছালে সিরাজগঞ্জের সাংবাদিক মহলসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি মা,ভাই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈত্তিক বাড়ি পাবনা শহরে হলেও তারা সপরিবারে সিরাজগঞ্জের চান্দাইকোণা ইউনিয়নের চান্দাইকোণা পাবনা বাজার এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বাস করতেন।
এদিন বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ঘুড়কা মহা শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
