বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল শনিবার আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের আসামি করে পুলিশ মামলা করেছে।
গত শুক্রবার রাত ৯টার পর থেকে ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৪টি গুলি ছোড়ে।
গত শুক্রবার বিকেলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করার ঘটনায় নৌকা প্রতীকের সমর্থকরা উল্লাস করে। এর জেরে প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে পুলিশ ও দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ নিয়ে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অন্যদিকে এ বিষয়টি নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। তাদের উল্লাসে রুমা সরদারের সমর্থকরা ক্ষুব্ধ হয়। এর পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ৯টার দিকে দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল ছোড়ে।
পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬টি ফাঁকা গুলি ছোড়ে। তখন দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিমুখী এই সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ ৩৫ জন আহত হন। তাদের মধ্যে ৩ পুলিশ সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া ১০ জনকে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
