যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা সোনার ওজন সাত কেজি।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির একটি দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩০০ গজ ভেতরের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। দুই চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি ধাওয়া দিলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বার জমা ও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
