জাগপার আলোচনায় জাফরুল্লাহ

বিএনপির ক্ষমতায় আসতে হলে জাইমাকে প্রয়োজন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ পিএম

বিএনপির ক্ষমতায় আসতে হলে তারেক রহমানকে নয়, তার একমাত্র মেয়ে জাইমা জারনাজ রহমানকে সঙ্গে নিয়ে নামতে হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, জাইমা এলে যে আন্দোলনের জোয়ার শুরু হবে।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

বিএনপিকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা ঘরের ভেতর যেসব কথা বলি, কাজে তা প্রমাণ করি না; বিশেষ করে বিএনপির বেলায় এ কথা প্রযোজ্য। বিএনপিতে যেখানে খোকন, হাফিজ, আলালের মতো লোক আছে, এরা এতগুলো তরুণ আছে, খালেদা জিয়া কেন চুপচাপ গুলশানের মতো বাড়িতে আবদ্ধ থাকবে। জজ সাহেবরা একটা অন্যায় বিচার করেছেন, দুই কোটি টাকার জন্য সেই বিচার এখনো সমাপ্ত হয়নি। অন্ততপক্ষে জামিনটা তো অবশ্যই হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘যদি বিএনপি সত্যি চায় হাসিনার ক্ষমতার পটপরিবর্তন হোক, তাহলে বিএনপির দায়িত্ব অনেক বেশি এখানে। তারেকের স্তুতি দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না কোনো দিন। আপনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চান, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চান, মাঠে বসতে হলে খোকনের মতো যারা আছেন, তারা আমার মতে জাইমাকে সঙ্গে নিয়ে নামতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত