শেষ ওভারে দুই ছক্কায় ভারতকে ম্যাচ জেতালেন পান্ডিয়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

ওয়ানডে সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ভারত এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল।

রবিবার সিডনিতে উত্তেজনা ছড়ানো ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় ভারত।

১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ দাঁড়ায়। প্রথমে দুই রান ও পরে দুই ছক্কা দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। ২ বল বাকি থাকতেই জিতে যায় ভারত।

রান তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ব্যাটে দারুণ শুরু করে ভারত। ওপেনিং জুটিতে ৫৬ রান যোগ করেন রাহুল-ধাওয়ান জুটি। ২২ বলে ৩০ রান করে আউট হন রাহুল।

পাওয়ার প্লে-তে রাহুলের উইকেট হারিয়ে ৬০ রান তোলে সফরকারীরা। দারুণ শুরু করার পর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে ভারতে এগিয়ে যায়। দ্বিতীয় উইকেটে দুজনে ৩৯ রান যোগ করেন।

দুরন্ত হাফ সেঞ্চুরির পর আউট হন ধাওয়ান। ৩৬ বলে ৫২ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি। চারটি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান। ধাওয়ান আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন কোহলি। ২৪ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক।

এরপর পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার ভারতকে বৈতরণি পার করান। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২১ বলে ৪৬ রান তুলে ভারতকে জেতান দুজন। ২২ বলে তিনটি বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে ৪২ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন আইয়ার। ম্যাচ সেরা হন পান্ডিয়া।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৯৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। মাত্র ২৫ বলে ১০ বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি করেন ম্যাথু ওয়েড। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৮ রান করে রানআউট হন তিনি। এ ছাড়া ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। ভারতের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন নটরাজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত