হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১৩৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার সকালে মাত্র ১৭ ওভার নিজেদের ইনিংস টানতে পেরেছে ক্যারিবীয়রা। দেড় দিনেরও বেশি বাকি থাকতে কিউইদের কাছে ইনিংসে হারল ক্যরিবিয়ানরা। নিউজিল্যান্ড সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ৮০ রানে অপরাজিত থাকা জার্মেইন ব্ল্যাকউড ১০৪ রান করেন। আলজারি জোসেফ তৃতীয় দিনের শেষে ৫৯ রানে অপরাজিত ছিলেন। এদিন তিনি নিজের ইনিংস নিতে পেরেছেন ৮৬ রান পর্যন্ত।
ব্ল্যাকউড ও জোসেফ সপ্তম উইকেটে ১৫৫ রান যোগ করেন। জোসেফকে ফিরিয়ে কাইল জেমিসন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন। পরের ওভারেই ব্ল্যাকউডকে ফেরান নিল ওয়াগনার। ব্ল্যাকউডের ইনিংসে ছিল ১১টি চার ও ২ ছক্কা। জোসেফ ৯টি চার, ৩টি ছক্কা হাঁকান। সেই ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলকে (০) ফিরিয়ে ম্যাচ শেষ করে দেন ওয়াগনার।
দ্বিতীয় ইনিংসে ওয়াগানর নিয়েছেন মোট ৪ উইকেট। এ ছাড়া জেমিসন ২টি এবং টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ড্যারিল মিচেল ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ২৫১ রানের অনবদ্য ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
১১ ডিসেম্বর থেকে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
