আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছর করে কারাদন্ডপ্রাপ্ত পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে জামিন দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ গতকাল রবিবার পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমানের জামিনের আবেদন খারিজ করে দেয়। ফলে দুই বছর করে কারাদ-প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে নির্ধারিত দন্ড ভোগ করতে হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। ভিডিও কনফারেন্সে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানোর ঘটনায় ২৪ জন মারা যান। আহত হন কয়েক শ। বর্বরোচিত এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদ- এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ-ের রায় দেয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে পুলিশ ও সেনাবাহিনীর ১১ সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়।
