৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. নাছিফ ইকবাল তপুকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম সোমবার এ রায় দেন। পাশাপাশি তপুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার এসব জানান।
জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সোনাপুর বাজারের পাটোয়ারি বাড়ির আবুল হাসেম মোল্লার ছেলে তপুকে ২০১৮ সালের ১৭ অগাস্ট ঢাকার ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ১৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। গত বছরের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য শুনে আদালত সোমবার তপুকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে।
