ভ্রাম্যমাণ আদালত নিয়ে কটূক্তি, যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও অপপ্রচার মূলক স্ট্যাটাস দেওয়ায় বাবু (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

সোমবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুুদুল হাসান। 

সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন ইজিবাইক চালক ও যাত্রীদেরও কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় জরিমানা করা হয়। এ জরিমানাকে কেন্দ্র ক্ষিপ্ত হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িয়াকান্দি এলাকার মনির হোসেন মাস্টারের ছেলে বাবু (২৫) টিএইচবি গেমিং নামের একটি আইডি থেকে সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রকার কটূক্তি মূলক স্ট্যাটাস দেয়।

সোমবার সকালে বিষয়টি নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনার সততা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুকভাবে মিথ্যা অপবাদে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত