নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর থেকে করোনা জেঁকে বসেছিল পাকিস্তান দলে। তবে পঞ্চমবারের কভিড-১৯ পরীক্ষায় স্কোয়াডের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে নিউজিল্যান্ড সরকারের চূড়ান্ত অনুমতি সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে তারা। এর আগে প্রায় দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিল পাকিস্তানের ৫৩ সদস্যের বহর। কিউইদের এমন কঠোর করোনা নীতিমালায় খেলোয়াড়রা ‘শারীরিক ও মানসিকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন দলটির কোচ মিসবাহ-উল-হক।
আজ ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনের উদ্দেশে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। ১৮ ডিসেম্বর শুরু তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনটা (অনুমতি সাপেক্ষে) সেখানেই করবে তারা। আর পাকিস্তান ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ খেলবে কিউই ‘এ’ দলের বিপক্ষে। ম্যাচ দুটি শুরু হবে ১০ ও ১৭ ডিসেম্বর। কোয়ারেন্টাইনে থাকতেই জাতীয় দল ও ‘এ’ দল মিলিয়ে মোট ১০ জন পজিটিভ হন। এরপর স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে পাকিস্তান দল অনুশীলনের সুযোগ পায়নি। দলটির কোচ মিসবাহর অভিযোগ, ‘দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিতে উঁচুমানের অ্যাথলেটদের নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয়। এতে সন্দেহ নেই যে, (করোনায়) বেঁধে দেওয়া কিছু নিয়মনীতির জন্য আন্তর্জাতিক সিরিজের আগে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
