নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইটবোঝাই ট্রাক উল্টে এর হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর-কলমাকান্দার সংযোগ সড়কে চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তফা কাজী (৩৭) গাজীপুর জেলার সদর মেট্রো থানা এলাকার মৃত আফসার কাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ট্রাকের হেলপার মোস্তফা কাজী ও চালক তারই চাচাতো ভাই ইটবোঝাই করে দুর্গাপুর থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের পূর্বপাশে ভাঙা ব্রিজের কালভার্টের ডাইভারশনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ট্রাকের হেলপার মোস্তফা কাজী উল্টানো ট্রাকের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ট্রাকের নিচে মাটি সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানা উপপরিদর্শক (এসআই) মো. আনিস আহমেদ জানান, রাতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।
নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
