বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই আমরা ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছি: প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি।

বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই আমরা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছি। সে কারণেই দুর্গম চরাঞ্চলের মানুষের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সক্ষম হয়েছি। এখন থেকে চরাঞ্চলের কোনো মানুষ আর অন্ধকারে থাকবে না। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করছেন।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে অফগ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, লালমনিরহাট-১ আসনের এমপি মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব.) মোতাহার হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নেসকো লিমিটেডের চেয়ারম্যান একেএম হুমায়ূন কবীর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত