কুষ্টিয়ায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৫ নারীকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩২ পিএম

কুষ্টিয়ায় একটি বাড়িতে ‘গোপন বৈঠক’ চলাকালে সদর উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর রুকন নিগার সুলতানাসহ (৪৫) সংগঠনটির পাঁচ নারীকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে ওই অভিযান চালায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের একটি দল।

বাড়িটির মালিক নজরুল ইসলামের স্ত্রী নিগার সুলতানার নেতৃত্বে সেখানে সাংগঠনিক মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর গোপন বৈঠক আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজারপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা জামায়াতের সাবেক রুকন প্রয়াত লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন মণ্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে বিশ্বস্ত সূত্রে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মহিলা জামায়াতের নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থসংগ্রহ করছিলেন। এ ঘটনায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত