মাস্ক তৈরি করে বিনামূল্যে বিতরণ করছেন দর্জি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:৩০ এএম

টেইলার্স দোকানের সামান্য আয়। সে আয়ে সংসার চালানোও দায়। এরপরও করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার প্রচেষ্টা তার। নিজ খরচে হাতে তৈরি মাস্ক বিতরণ করছেন নিম্ন আয়ের মানুষদের মাঝে। ওই ব্যক্তির নাম মো. আসলাম (৫৭)। জেলা শহরের প্রগতিপাড়া এলাকার প্রয়াত আকবর আলীর ছেলে তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারী পৌরশহরের মড়ালসংঘ মোড়ে ‘আঁখি লেডিস টেইলার্স’ নামে একটি দোকান রয়েছে তার। দোকানটির সামনের সড়কে মাস্কবিহীন কাউকে চোখে পড়লেই নিজ হাতের তৈরি মাস্ক পরিয়ে দেন তিনি। করোনা মহামারীর শুরু থেকে কাপড় কিনে নিজেই মাস্ক তৈরি করে শহর ঘুরে ঘুরে মাস্কবিহীন কাউকে চোখে পড়লেই বিনামূল্যে সেসব বিতরণ করছেন আসলাম। মহামারী শুরুর পর থেকেই এ পর্যন্ত তিন সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন সামান্য আয়ের এই মানুষটি।

মো. আসলাম বলেন, ‘করোনার দুর্যোগ শুরু হলে মানুষ অনেকটাই নিরুপায় হয়ে পড়েন। দুর্যোগ মোকাবিলায় অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজ অবস্থান থেকে অসহায় মানুষকে সহযোগিতার ইচ্ছা জাগে। বিভিন্ন দোকান থেকে কম দামে ঝুট কাপড় সংগ্রহ করে কাজের ফাঁকে নিজ হাতে মাস্ক তৈরি এবং বিতরণের কাজ শুরু করি। তিন স্তরবিশিষ্ট প্রতিটি মাস্ক তৈরিতে খরচ হচ্ছে অন্তত ৪০ টাকা। প্রতিদিন  পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মাঝে তা বিতরণ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত