ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে জি নিউজ জানায়, পরে দুপুর আড়াইটার দিকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
ডা. ফুয়াদ হালিম জানান, সকালের দিকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। তা ৭০-এর কাছাকাছি নামতেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাও করা হবে। তারপর তার শারীরিক অবস্থার কথা জানাবেন চিকিৎসকরা।
তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
তার সুস্থতা কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা জানতে পেরেছি। তার দ্রুত সুস্থতা কামনা করি।
