বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধ জুভেন্তাসের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০১:৫২ এএম

যতবার ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের উল্লাসে মেতেছেন, টিভি ক্যামেরা খুঁজে নিয়েছে লিওনেল মেসিকে। দর্শকশূন্য গ্যালারিতে চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্তাস ফরোয়ার্ডের ‘সিউউউ’ উদযাপন যখন গমগমে, লিওনেল মেসির মুখ থমথমে। মাটিতে দৃষ্টি, সে দৃষ্টিতে রাজ্যের হতাশা।

মেসি বনাম রোনালদো গত এক যুগ বিশ্ব ফুটবল মাতিয়ে রাখা দ্বৈরথটা মাঠে কি শেষবার দেখা হয়ে গেল? হয়তো! তাতে রোনালদোই হেসেছেন শেষ হাসি, পেনাল্টি থেকে পর্তুগিজ সুপারস্টারের জোড়া গোলে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে জিতে গেছে জুভেন্তাস। ২৮ অক্টোবর করোনা আক্রান্ত রোনালদোকে ছাড়া নিজেদের মাঠে ০-২ গোলে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো ইতালীয় জায়ান্টদের। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের ১৩ ও ৫২ মিনিটে দুটি পেনাল্টি থেকে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো। দু’দলেরই সমান পয়েন্ট। কিন্তু নিজেদের মধ্যে লড়াইয়ে বেশি গোল করায় এগিয়ে থেকে গ্রুপসেরা জুভেন্তাস। রানার্স আপ বার্সেলোনা।

লা লিগায় সময়টা বাজে গেলেও চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচটি ম্যাচ জিতে যেন রীতিমতো উড়ছিল বার্সেলোনা। তবে ষষ্ঠ ম্যাচে এসে বাস্তবতা টের পেয়েছে দলটি। তাদের মাটিতে নামিয়েছে ইতালিয়ান পরাশক্তি। চ্যাম্পিয়নস লিগে শেষ ৩৮টি ম্যাচে ন্যু ক্যাম্পে অপরাজিত থাকার দর্প চূর্ণ হয়েছে কাতালানদের। সেই ২০১৩ সালের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে এ মাঠে হেরেছিল তারা। পাশাপাশি ব্যক্তিগত একটি আক্ষেপ মুছেছে রোনালদোর। মেসির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এর আগে কখনই গোল দিতে পারেননি তিনি। এদিন একেবারে জোড়া গোল করেই যেন পূর্ণতা আনলেন এ পর্তুগিজ তারকা।

১৩ মিনিটে এগিয়ে দেন তিনি দলকে। অযথাই ডি-বক্সের মধ্যে রোনাল্দ আরাউহো ধাক্কা দিয়ে ফেলে দেন রোনালদোকে। পেনাল্টির বাঁশি। রোনালদো ডানে নিচ্ছেন ভেবে ঝাঁপিয়েছিলেন টের স্টেগেন। শট নেন রোনালদো সোজাসুজি। আক্রমণের ধারা অব্যাহত রেখে ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককিনি। অ্যারন রামসির কাছ থেকে পাওয়া বল ডান প্রান্তে হুয়ান কুয়াদ্রাদোকে দিয়েছিলেন তিনি। আলতো চিপে ছোট ডি-বক্সে তাকে ফিরতি পাস দেন কুয়াদ্রাদো। দারুণ এক সাইড ভলিতে গোল জালে জড়ান আমেরিকান মিডফিল্ডার ম্যাককিনি।

৪৯ মিনিটে রামসির এক দুর্দান্ত শট কর্নারে বাঁচিয়ে দেন টের স্টেগেন। কিন্তু তার আগেই বল লংলের হাতে লেগেছিল বলে পেনাল্টির আবেদন জানান জুভেন্তাসের খেলোয়াড়রা। রেফারি শুরুতে তা দেননি। জুভেন্তাস যখন কর্নারের প্রস্তুতি নিচ্ছে, তখন রেফারি ভিএআর দেখার সিদ্ধান্ত নেন। লংলের সত্যিই বল হাতে লেগেছিল দেখে পেনাল্টি দেন রেফারি। তার দ্বিতীয় গোল করেন রোনালদো।

রক্ষণের ভুলে লা লিগায় কাদিজের কাছে হেরে আসার পর জুভেন্তাসের বিপক্ষে নড়বড়ে রক্ষণের মাশুল দেওয়াটা মেনে নিতে পারছেন না বার্সা গোলরক্ষক টের স্টেগেন, ‘দুটি বিষয় আছে। একটা হচ্ছে ব্যক্তিগত ভুল করা এবং অন্যটা হচ্ছে আমরা কীভাবে রক্ষণ সামলাচ্ছি। যখন আমরা ছোটখাটো ভুল করি, প্রতিপক্ষ সুযোগ নেয় এবং গোল করে; এটা খুবই কঠিন। আমি মনে করি না জুভেন্তাসের সঙ্গে ম্যাচের জন্য প্রস্তুত ছিলাম। যে ভুলগুলো করেছি, সেগুলো হওয়া উচিত নয়।’

কোচ কোম্যান বলছেন, আত্মবিশ্বাসের অভাব ছিল শিষ্যদের মধ্যে ‘আত্মবিশ্বাস ও আগ্রাসী মনোভাবের জায়গায় খেলোয়াড়দের মধ্যে ভয় দেখে আমি শঙ্কিত। এটা বার্সার জন্য বিরল, কারণ চ্যাম্পিয়নস লিগে আমাদের রেকর্ড ভালো। জুভেন্তাসে যেটা দেখিয়েছে খেলায় আমাদের আরও ভালো ক্যারেক্টার দেখাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত