নুর হত্যা চেষ্টার অভিযোগ এনে মিথ্যা রটিয়েছেন: ডিসি হারুন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যা চেষ্টার অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ।

ঘটনাস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, উল্টো দুর্ঘটনার শিকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর মিথ্যা রটিয়েছে। পুরো ঘটনা সাজানো। আর প্রাইভেটকারটি কোনো সচিবের নয় বা সচিবালয়ে স্টিকার ছিল না এটি ব্যক্তিগত গাড়ি।

বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান মো. হারুন-অর-রশিদ।

বুধবার রাতে গাড়িচাপায় দুই দফা হত্যা চেষ্টার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নুরুল হক নুর। 

গাড়িচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পল্টনের জামান টাওয়ারে সংবাদ সম্মেলন করেন নুর।

নুর জানান, বুধবার রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার তাদের তাড়া করে। পরপর দু’বার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডের আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

নুরের অভিযোগে আরো বলা হয়, বাসের সঙ্গে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

নুর বলেন, ঘটনার সময় তিনি মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিল উজ্জামান ও মো. সোহরাব হোসেন পিছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত