সরকারকে এক দিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১০:৪০ পিএম

মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগের জন্য সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার লঙ্ঘনের জন্য সরকারকে এক দিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, যেখানে উৎসবের মধ্য দিয়ে এ দিবসটি পালনের কথা সেখানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দিবসটি পালন করতে হচ্ছে। কারণ স্বাধীনতার ৫০ বছর পরও দেশের মানুষ তাদের অধিকার হারিয়েছে। নারীদের সম্মান রক্ষা করা যাচ্ছে না। আজকের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির সুযোগ নেই। দলের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। শুধু ক্ষমতায় থাকার জন্য সরকার ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের হত্যা-গুম-নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে’।

তিনি বলেন, ‘আজকে সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেছেন। আমিসহ দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভাস্কর্য ভাঙায় উসকানির অভিযোগ এনে মামলার আবেদন করেছে সরকারি দলের এক নেতা। এ ছাড়া সারা দেশে দলের ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি। অনেক নেতাকর্মী এখনো গুম হয়ে আছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করার অভিযোগে তাদের হারিয়ে যেতে হয়েছে। গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের চোখের দিকে তাকাতে পারি না’।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হয় যাতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। কিন্তু সর্বশেষ নির্বাচনে কী হয়েছে জনগণ তা দেখেছে। রাতেই সব ভোট হয়ে গেছে। আজকের (বৃহস্পতিবার) সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। খবর নিয়ে জেনেছি সকালেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় ভোটকেন্দ্র দখল করে নিয়েছি। আজকে প্রত্যেকটা নির্বাচনে এমনটা হচ্ছে’।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

সভায় ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনের আগে রাজপথে নির্যাতনের শিকার হওয়া গাজীপুর জেলা ছাত্রদলের নেতা জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, আবরার ইলিয়াসসহ নিখোঁজ কয়েকজন নেতার স্বজন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে সভায় যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা সভায় যুক্ত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত