ধোনিকে প্রথমবার ভারতীয় দলে নেওয়ার গল্প শোনালেন কিরণ মোরে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০২:৫৩ এএম

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে এক অজানা কাহিনি সামনে আনলেন দেশটির সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরে।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচের মধ্যে দিয়ে ধোনির জাতীয় দলে অভিষেক। সেই ম্যাচে শূন্য করে রান আউট হয়েছিলেন ধোনি। তবে পরবর্তীতে ভারতের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন। অধিনায়ক হিসেবে জিতেছেন আইসিসির সবগুলো আসরের ট্রফি।

ধোনির দলে প্রবেশের আগে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে উইকেটকিপিং করতেন রাহুল দ্রাবিড়। বেশ সাফল্যের সঙ্গে এই কাজটি করছিলেন তিনি। ৭১টি স্ট্যাম্পিং করা ছাড়াও ১৩টি ক্যাচ উইকেটরক্ষক হিসেবে ধরেছিলেন তিনি।

তবে সেই সময়টা যেহেতু দ্রাবিড় ক্রিকেটার হিসেবে একটা অন্য পর্যায়ে প্রবেশ করেছিলেন, তাই নির্বাচকেরা চেয়েছিলেন দ্রাবিড়ের ওপর থেকে কিপিংয়ের বোঝা কমাতে। যাতে তিনি আরো বেশি করে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারেন।

এ প্রসঙ্গে বলতে গিয়ে ডব্লিউ ভি রামনের পডকাস্ট ‘ইনসাইড আউটে’ মোরে বলেন, ‘রাহুল দ্রাবিড়ের উইকেটরক্ষক হিসেবে ৭৫টি একদিনের ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। আমরা এমন একজনকে চাচ্ছিলাম, যে জোরে বলটা মারতে পারবে এবং উইকেটকিপিংয়ের দায়িত্বটা নিয়ে দ্রাবিড়ের ওপর থেকে বোঝাটা কমাতে পারবে।’

আরো বলেন, ‘আমরা ধোনিকে কেনিয়ার বিপক্ষে ভারত ‘এ’ দলে সুযোগ দিই। ও ওই সফরে বেশ ভালো খেলে ৬০০-র ওপর রান করে। এর পরেই ধোনিকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। ভারতীয় ক্রিকেটে একটা ঝড়ের নাম মহেন্দ্র সিং ধোনি। ও একটা সম্পূর্ণ প্যাকেজ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত