পুনঃনির্মিত ঢাকা সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদের (আল্লাহু মসজিদ) উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদে আগে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুম্মার দিনে মসজিদ সংলগ্ন রাস্তায়ও মুসল্লিদের নামাজ পড়তে হতো। বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় গত বছরর ১০ মার্চ সেনাবাহিনী প্রধান মসজিদটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পুনঃনির্মিত মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট এবং মুসল্লি ধারণ ক্ষমতা তিন হাজারেরও অধিক।
উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান পুনঃনির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ওই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদবির সেনা সদস্য ও স্থানীয় অসামরিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
