গান নকলের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম

আলোচিত অভিনেতা হিরো আলম সম্প্রতি বাবু খাইছো শিরোনামে একটি গান প্রকাশ করেন। এই গান প্রকাশের মাধ্যমে তিনি নায়ক থেকে গায়ক হয়ে উঠেন। গানটি নিয়ে বেশ সমালোচনাও চলছে। এরই মধ্যে হিরো আলমের গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠল। হিরো আলমের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।

সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুমের সুরে ভাইরাল হওয়া ‘বাবু খাইছো’ গানের কথা ও সুর হুবহু নকলের অভিযোগ উঠেছে। এ কারণে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মীর মাসুম।

মীর মাসুমের ভাইরাল হওয়া ‘বাবু খাইছো’ গানটি মীরের সুরে লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়।

মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির শিরোনাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছেন হিরো আলম। তাদের আরও দাবি, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি করেছেন হিরো আলম। তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তারা।

মাসুম গণমাধ্যমে জানিয়েছেন, ৬ ডিসেম্বর, রবিবার ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বাদী হয়েছেন মীর মাসুম। তার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী দিদার-উস-সালাম। আইনজীবী জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত